জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এই ওয়াকআউটের ঘটনা ঘটল। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা 'জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না' শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন।
সংসদে রাষ্ট্রপতি প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদনেতাসহ সরকারি দলের সব সংসদ সদস্য দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে পড়েন। এ সময়ে বিউগলে জাতীয় সংগীত বাজতে থাকলেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একটি অংশ চেয়ারে বসেই ছিলেন। অবশ্য তখন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীতের বিষয়টি ইঙ্গিত করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়েছিলেন, কেউ কেউ বসে ছিলেন।
পরে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদকক্ষ ত্যাগ করে চলে যান।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

