আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সে জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এ ছাড়া পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যাম দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি।

এর পরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায় তাহলে সে ভাই হোক বা বোন হোক, কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা খাবে।’

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রও বাইরে আছে, বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সবগুলো এখনো উদ্ধার হয়নি।

এর পরও উদ্ধারের পরিমাণ বেড়েছে। আমি আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ হবে।’ তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

ঝিনাইগাতীর ঘটনা খুবই দুঃখজনক ঘটনা বলে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এটার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা নিচ্ছি।

এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। কোনো ঘটনা ঘটিয়ে দুষ্কৃতকারীরা এলাকা থেকে দূরে চলে যায়। এ জন্য একটু সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।’ তাদের এই প্রস্তুতি নিয়ে জাতিকে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...