রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে: প্রেস উইং

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে: প্রেস উইং

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা দেশ ছাড়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার সেই থেকে পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তথ্য অনুযায়ী বলতে পারি গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই ফোকাস সরকারের আছে। সামনে আরও উন্নতি হবে বলে আশা করছেন তারা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলো সহনীয় রাখতে ইনটেনসেভলি কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশন কাজ করছে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে বলে জানান প্রেসসচিব। তিনি বলেন, আমরা আশা করছি যোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায় দামও সহনীয় পর্যায়ে থাকবে।

বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, বোতলজাত ও লুজ সয়াবিন তেলের বিষয়টি আমরা তদারকি করছি। আমরা দেখছি লুজ সয়াবিন তেলের দাম কমা শুরু হয়েছে। আশা করছি সরবরাহ পরিস্থিতি বাড়লে দামটা আরও ভালো হবে। এর আগেও দেখেছি বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে।

রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা আশা করছি রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

এদিকে, শুক্রবার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় আসতে পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই রিকোয়েস্ট এবং একধরণের প্রেশারের প্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি।

এক প্রশ্নের জবাবে ডিসি বাস রিকুইজিশনে চিঠি দিলেও কোন জ্বালানি তেল বা অন্যান্য কোন খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন বলে উল্লেখ করেন শফিকুল আলম। ঘটনার সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি। বলেন, এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কিনা তা দেখছি।

বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে। এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশিরভাগ তথ্য অতিরঞ্জিত।

চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিএনপির দাবির বিষয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনী রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি চাচ্ছে হয়ত নির্দিষ্ট দিনক্ষণ। সরকার বার বার বলেছে রাজনৈতিক দলগুলো কম সংস্কারে নির্বাচনে চাইলে চলতি ডিসেম্বরে নির্বাচন। আর যদি আরও বেশি সংস্কারের পরে নির্বাচন চাইলে আরও তিন মাস দেরি হতে পারে। কারণ এপ্রিল হতে কালবৈশাখী ও বর্ষার মৌসুম শুরু হয়। ওই সময় নির্বাচন সুইটেবল সময় না।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলে জানান প্রেস সচিব।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, পদত্যাগের বিষয়টি ডিজি মহোদয়ের ব্যক্তিগত বিষয়। কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা সংস্কৃতি উপদেষ্টা করেছেন। সৈয়দ জামিল আহমেদ ছয় মাস শিল্পকলার ডিজির দায়িত্ব পালন করা সরকারের জন্য মর্যাদার বলেও উল্লেখ করেন তিনি। প্রেস সচিব বলেন, উনি নাট্যাঙ্গনে সেলিব্রেটি। নাটকে আরও দেশকে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন