অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে আনসার

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে আনসার
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া, ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনী।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনী দাবি করে, কিছু স্বার্থান্বেষী মহল আনসার সদস্যদের বক্তব্য বিকৃত করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তবে এসব অপপ্রচারের বিরুদ্ধে বাহিনী আপসহীন অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতায় কোনো ধরনের ঘাটতি পড়েনি। বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল ও জননিরাপত্তায় দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বেড়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, এই আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্টেডিয়াম ও স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দিয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।

বাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ১২ জুলাই নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত স্থানে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। সেখানে দায়িত্বরত আনসার সদস্য নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখতে নিষেধ করলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা অমান্য করেন। পরে তিনি নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে আনসার সদস্যকে হুমকি দেন বলে দাবি করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করলে বিষয়টির সমাধান হয় বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫০০ উপজেলায় পাঁচ হাজার আনসার সদস্য হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এতে অসন্তুষ্ট হয়ে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, দালাল চক্র এবং কিছু 'ভিউ ব্যবসায়ী' ও অনুমোদনহীন স্থানীয় গণমাধ্যম বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বাহিনী বলেছে, কিছু সদস্যের বক্তব্য বিকৃত করে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হলেও সাধারণ মানুষ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে। হাসপাতাল, চিকিৎসক, সেবাগ্রহীতা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় বাহিনীর ভূমিকার কারণে জনগণের আস্থা অটুট রয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বাহিনী। পাশাপাশি গৌরবময় ঐতিহ্য ধরে রেখে পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন