নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিশিষ্ট ইসলামী রাজনীতিক, লেখক ও চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আবদুর রহীম ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা, সাহিত্য ও ইসলামী আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ইসলামী জীবনব্যবস্থা, জীবনদর্শন ও ইসলামী আন্দোলন নিয়ে তাঁর সমৃদ্ধ লেখনী বাংলা সাহিত্যে তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।
ঢাকা মহানগরী আমির মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান।
আলোচনায় অংশ নেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ‘আজকের ভোলা’র সম্পাদক অধ্যক্ষ শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজির উদ্দিন, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল-ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, ইসলামী ঐক্য আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন ও মানবাধিকারকর্মী মির্জা আজমসহ অনেকে।
বক্তারা মাওলানা আবদুর রহীমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ইসলামী জ্ঞান, গবেষণা ও চিন্তাচর্চার পাশাপাশি ইসলামী আন্দোলনের গতিধারা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি লালন করতেন, তাঁর বিভিন্ন লেখনী ও কর্মকাণ্ডে এর প্রতিফলন পাওয়া যায়।
তারা বলেন, বাংলা ভাষায় ইসলামী জীবনব্যবস্থা, জীবনদর্শন ও ইসলামী আন্দোলন নিয়ে মাওলানা আবদুর রহীমের লেখনী ছিল সমৃদ্ধ ও প্রভাবশালী। তাঁর রচনা ইসলামী জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ কারণে ইসলামী সাহিত্য ও আন্দোলনের ইতিহাসে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
বক্তারা আরও বলেন, মাওলানা আবদুর রহীম তাঁর আদর্শ ও বিশ্বাসের প্রশ্নে আপসহীন ছিলেন। একই সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে জোটবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রেও তিনি পিছপা হননি। তাঁদের মতে, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে নীতি ও আদর্শের প্রশ্নে দৃঢ় থাকার বিষয়টি তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুর রহীমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ইসলামী জ্ঞানচর্চা, সাহিত্য-গবেষণা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাওলানা মুহাম্মদ আবদুর রহীমসহ ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


