স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বে চলমান সংঘাতের অবসানে যুদ্ধ ও মারণাস্ত্রের পরিবর্তে আলোচনা, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাতের ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে যুদ্ধের পরিবর্তে কূটনীতি এবং শক্তি প্রয়োগের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


