খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে পারেন; কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

আইনমন্ত্রী আরো বলেন, ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনের ভিত্তি তৈরি করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী,জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম,ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশগ্রহণ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন