খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তাঁর অবদান বিশ্বস্বীকৃত।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্র সংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।
প্রফেসর ইউনূস বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
অধ্যাপক আনিসুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

