আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার এখনো পায়নি ইসি

স্টাফ রিপোর্টার

৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার এখনো পায়নি ইসি

দেশব্যাপী ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে এখনো ৬ হাজার ৬২০টি কেন্দ্রের ভোটের হার পায়নি নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞাপন

বিকেল সোয়া ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব দেওয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনটি আসনের শতাধিক কেন্দ্রে ভোট বন্ধের জামায়াতের দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, অভিযোগ থাকলে তা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে আগাম কোনো মন্তব্য করলে জনগণ বিভ্রান্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা যায়নি। নিজে দুটি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দুপুর পর্যন্ত ভোটের প্রবাহ কম থাকলেও বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়ছে।

চূড়ান্ত ভোটের হার কত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পরিমাণ ভোট শেষ পর্যন্ত কাস্ট হবে, সেটাকেই প্রত্যাশিত হার হিসেবে ধরা হবে।

নির্বাচনের অগ্রগতি ও ভোটগ্রহণের সার্বিক চিত্র নিয়ে পরবর্তী সময়ে আরও হালনাগাদ তথ্য জানানো হবে বলে ইসি সূত্র নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...