আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন করে (ভ্যাট) বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে বাজেটে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, মোবাইল ফোনের সিমের ওপর ৩০০ টাকা পুরোপুরি তুলে নেওয়ার পাশাপাশি কিছু-কিছু শিল্পের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার: তরুণদের উৎসাহ দিতে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
সিম ট্যাক্স: মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
স্টার্টআপ প্রতিষ্ঠান: আগামী ৩০ জুন ২০৩৫ পর্যন্ত স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের সরবরাহ, সেবা আমদানি এবং স্থান ও স্থাপনা ভাড়ার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্যসেবা: সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে হৃদরোগের হার্টের রিং এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহের ওপর ১০ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কিডনি ডায়ালাইসিসের সরঞ্জামের ওপর থেকে ৭.৫ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব রয়েছে।
কৃষি: ব্যবসায়িক পর্যায়ে সব ধরনের সারের ওপর থেকে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানিকৃত কীটনাশকের ওপর থেকে ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
দেশীয় শিল্পে মূসক অব্যাহতির মেয়াদ বৃদ্ধি: মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন এবং কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ তথ্যপ্রযুক্তি পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে মূসক অব্যাহতি সুবিধা ৩০ জুন ২০৩০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহন (ইভি) এবং ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রেও ২০৩০ সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধার প্রস্তাব করা হয়েছে।
ভ্যাটের আওতা বৃদ্ধি ও নতুন হার
হিমায়িত মাছ ও বৃক্ষ আমদানি: উচ্চ মূল্যের হিমায়িত মাছ এবং আমদানিকৃত গাছ ও সুগন্ধি কাঠের ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।
জুয়েলারি খাত: জুয়েলারি সেবার ওপর বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি সোনায় ২,৫০০ টাকা হারে সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এমএস প্রোডাক্ট (রড): রড উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তামাকজাত পণ্য: তামাক সেবন নিরুৎসাহিত করতে সিগারেটের প্রতিটি স্তরের ন্যূনতম খুচরা মূল্য এবং সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া নিকোটিন পাউচ (৪০% শুল্ক) এবং হিটেড টোব্যাকোর (৬৭% শুল্ক) ওপর নতুন কর হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

