আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাল ঢাকা আসছেন আমনা বালুচ

বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

কূটনৈতিক রিপোর্টার

বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

দীর্ঘ ১৫ বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বহুল আলোচিত এ বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক দৃঢ় করাই হবে প্রধান অগ্রাধিকার।

বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব। বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আমনা বালুচের।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। মধ্যাহ্নভোজের পর আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গত ১৫ বছরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক তলানিতে চলে যায়।স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ হতে পারে যা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেছেন, প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন। এই সফরের আলোচনার এজেন্ডা ও প্রস্তুতি চূড়ান্ত হবে জসীম- বালুচ বৈঠকে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ইসহাক দারের ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এই সফরকালে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...