ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।
সিঙ্গাপুরে পাঠানো আহতরা হলেন-আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে আহতদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।
গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। প্রয়োজন অনুযায়ী দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করছে এই বোর্ড। তাদের সুপারিশে এ পর্যন্ত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

