স্থানীয় অফিস ও পেমেন্ট চালুর আহ্বান

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মেটার প্রতিনিধিদলের বৈঠক

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মেটার প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে এ দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মেটার দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পাবলিক পলিসি বিষয়ক পরিচালক ইউয়েন টিং চ্যায়, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার এবং মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের লিড এজ স্ট্র্যাটেজি ম্যাট জানসেন এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে তাদের কার্যক্রম আরো সম্প্রসারণ এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে মেটার প্রতিনিধিদল। এ বিষয়ে উভয় পক্ষই ঐকমত্য পোষণ করেন।

এ সময় বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী মেটার বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় অফিস ও স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর জন্য মেটা কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি মেটা প্রতিনিধিদলকে অবহিত করে বিটিআরসি। একই সঙ্গে দেশে ফেসবুক ও মেটার প্ল্যাটফর্মের বিপুলসংখ্যক ব্যবহারকারীর কথা বিবেচনায় নিয়ে স্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা এজ নোড স্থাপনের অনুরোধ দেয়া হয়, যাতে দেশের ব্যবহারকারীরা আরো উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন।

মেটার প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের পূর্ববর্তী ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কয়েকটি বিধান স্থানীয়ভাবে অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে মেটার জন্য কিছু দাপ্তরিক ও আইনগত সীমাবদ্ধতা সৃষ্টি করেছিল। তবে বর্তমান সরকারের অনুমোদিত নতুন ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় বাংলাদেশে স্থানীয়ভাবে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়ে তারা আরো দ্রুততার সঙ্গে কাজ করবেন। এ সময় তারা বাংলাদেশে ফেসবুকের সামগ্রিক কার্যক্রম ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন।

মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধীরা যাতে কোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রম বা জুয়ার প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎকালে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন