রাজধানীর শ্যামপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং মোহাম্মদপুরে চিহ্নিত অপরাধী ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যাচ্ছে, শ্যামপুর ধোলাইপাড় এলাকায় গ্রেপ্তার দুই নারী হলেন তামান্না আক্তার (২৭) ও ফরিদা বেগম (৫৩)। তাদের কাছ থেকে ২ হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার একটি টিম তথ্য পায়, ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে এক নারী মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তামান্নাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে ফরিদাকে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কাশেম (২৩), রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির (৩৫), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫), প্রিয়াঙ্কা (২৫), সারোয়ার (২৮)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

