ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট কার্যক্রম পরিদর্শন করেন। সকাল ৭টার দিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান এবং তার সহকর্মীরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এসে পৌঁছেন।
ভোট কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের ইভার্স ইজাবস আরও বলেন, বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করি।
তিনি বলেন, ভোটের শুরুতেই আমরা কার্যক্রমে পরিদর্শন করেছি। সারা দেশে আমাদের ২০০ পর্যবেক্ষক ভোট কার্যক্রম পরিদর্শন করবেন।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ২০০ সদস্যের এ প্রতিনিধি দলে মিশনে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।
এদিকে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো বলেছেন, সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে। সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকাল ৭টার দিকে কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

