সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণপূর্বক মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙ্গে সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য উক্ত কমিটি গঠন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

