এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়া অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৈঠকে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে বদলির আবেদন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আবেদনের সময়সীমা, আবেদন শুরু ও শেষ তারিখসহ বদলি প্রক্রিয়ার বিভিন্ন দিক শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত খসড়া জমা দেবেন মাউশির মহাপরিচালক। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খসড়া বিজ্ঞপ্তিতে ২১ আগস্ট থেকে আবেদন গ্রহণের কথা বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার জন্য সাত দিন সময় রাখা হয়েছে। ২৭ আগস্ট আবেদন গ্রহণ শেষ হওয়ার পর যাচাই-বাছাই শুরু হবে। এ প্রক্রিয়ায় সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।

তিন এলাকার বাইরে বদলি নয়

এমপিওভুক্ত শিক্ষকরা ইচ্ছামতো যেকোনো এলাকায় বদলির আবেদন করতে পারবেন না। বদলি নীতিমালা অনুযায়ী, নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল—এই তিন এলাকার বাইরে বদলির আবেদন করার সুযোগ রাখা হচ্ছে না।

মাউশি সূত্র জানায়, নির্ধারিত তিন এলাকার বাইরে বদলির আবেদন করলে সফটওয়্যারেই আবেদনটি গ্রহণ করা হবে না। আবেদনকারীকে ‘আবেদনের জন্য যোগ্য নন’—এমন নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশির এক কর্মকর্তা বলেন, নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থলের বাইরে বদলির আবেদন করার সুযোগ নেই। কেউ চাইলেও নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে পারবেন না।

মাউশি সূত্র আরও জানিয়েছে, আবেদন গ্রহণের পর নির্ধারিত নিয়মে যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন