উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগে আবারও রাস্তায় নেমে আন্দোলন করেছেন গণঅভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শাহবাগ মোড় অবরোধ করেন।
এতে ওই সময়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জুলাই-আগস্ট আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এসে তাদের বুঝিয়ে সন্ধ্যা ৭টার দিকে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর জান চলাচল শুরু হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, আহত চিকিৎসাধীনদের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের মনোমালিন্য হয়। যে কারণে তারা সড়কে অবস্থান নেন। খবর পেয়ে সমন্বয়ক সারজিস আলম এসে বুঝালে তারা সড়ক ছেড়ে দেন। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চিকিৎসাধীন আহতদের অভিযোগ, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না। এজন্য সড়কে নেমেছেন। এ সময় তারা চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন।
পরে ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ। তারা উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও চিকিৎস বায় অবহেলার সঙ্গে জড়িতদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আহতরা অবরোধ তুলে নিয়ে কেবিনে ফিরে যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান জানান, চিকিৎসাধীনারা কেন সড়ক অবরোধ করেছেন, তা তিনি জানেন না। তার কাছে কোনো দাবি জানায়নি। জানলে তিনি মিটমাট করতেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

