বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমান, বললেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমান, বললেন ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ ও ‘জনবান্ধব’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, সফরটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারভুক্ত। তিনি আরও বলেন, ‘তারেক একজন অত্যন্ত বুদ্ধিমান ও জনবান্ধব মানুষ। ভারত ও বাংলাদেশ উভয় দেশই জনমুখী নীতিতে বিশ্বাস করে। ফলে এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক ফল আসবে।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের তৈরি হলে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ওই অনুষ্ঠানের সঙ্গে দিল্লির কোনো সংশ্লিষ্টতা ছিল না; এটি সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হয়েছিল।

বুধবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষ থেকে হাফিজউদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এছাড়া দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন