আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের হাতে মারণাস্ত্র থাকবে। পুলিশের কাছ থেকে মারণাস্ত্র ফেরত নেওয়া হবে।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছি। এ কমিটি পুলিশের কাছে থাকা মারণাস্ত্রগুলো জমা নেওয়া ও এপিবিএনের হাতে এসব মারণাস্ত্র দেওয়ার বিষয়টি তদারকি করবে।
কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কমিটির অন্য সদস্যরাও ছিলেন। সবার মতামতের ভিত্তিতেই আমরা এ সিদ্ধান্তটি নিয়েছি। এখন কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য কিছুটা সময় লাগবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হাতে কোনো অস্ত্র থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশের হাতে অস্ত্র থাকবে। তবে সেটা মারণাস্ত্র কিংবা প্রাণঘাতি নয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে ধরনের অস্ত্র তাদের হাতে থাকা প্রয়োজন সেটাই থাকবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

