দেশের বিভিন্ন কারাগারে এ বছর ঈদুল আজহা উদযাপন করছেন প্রায় ৭০ হাজার বন্দি। এসব বন্দিদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্দিরা পড়ছেন নতুন পোশাক এবং থাকছে সাংস্কৃতিক আয়োজন। কারা কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগে বন্দিদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করে নেয়া সম্ভব হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। আজ ঠিকাদারের মাধ্যমে ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে। এছাড়া বন্দিদের জন্য কারাগারে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
কারা অধিদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, এবার ঈদুল আজহায় দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৭০ হাজার বন্দি ঈদ করছেন। তাদের জন্য ঈদের দিনটি বিশেষভাবে সাজানো হয়েছে।
এআইজি জান্নাতুল ফেরদৌস জানান, ঈদের সকালে বন্দিদের নাশতার তালিকায় থাকছে পায়েশ ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, রোস্ট, গরু বা খাসির মাংস, কোল্ড ড্রিংকস, মিষ্টি ও পান-সুপারি। আর রাতের খাবারে থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। এছাড়া ঈদের দিনব্যাপী বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

