ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা বর্তমানে নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তেহরানে আমাদের দূতাবাসের সব কর্মকর্তা ও তাঁদের পরিবার নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
নজরুল ইসলাম জানান, আনুমানিক ৪০০ জন বাংলাদেশি তেহরানে অবস্থান করছিলেন। এর মধ্যে শতাধিক ব্যক্তি ইতোমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। হটলাইন চালু থাকায় এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও বর্তমানে ইরানে ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে, টেলিফোনে যোগাযোগ কিছুটা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‘তেহরানের বাইরের অঞ্চল, যেমন বন্দর আব্বাসে যারা আছেন, তারা এখনো তুলনামূলক নিরাপদ এলাকায় অবস্থান করছেন।’
বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তুরস্ক বা পাকিস্তানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
অর্থ পাঠানোর জটিলতা সম্পর্কেও সচিব বলেন, ‘আইনগত কারণে সরাসরি ইরানে টাকা পাঠানো সম্ভব নয়। সাধারণত বাংলাদেশিরা প্রতি মাসে দুবাই থেকে টাকা আনতেন। এখন সেটি কঠিন হয়ে পড়েছে। দূতাবাসের কাছে কিছু অর্থ রয়েছে, আর ঢাকায় আসা এক কর্মকর্তার মাধ্যমে তেহরানে কিছু নগদ অর্থ পাঠানো হচ্ছে। প্রয়োজন হলে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতাও নেওয়া হবে।’
তিনি আশ্বাস দেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সহায়তায় সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

