এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ আর নেই

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ আর নেই
ইয়াওয়ার সাঈদ

বাংলাদেশের পুঁজিবাজার ও সম্পদ ব্যবস্থাপনা খাতের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব এবং এইমস অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইমস অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইয়াওয়ার সাঈদ বাংলাদেশের আর্থিক খাতের একজন সুপরিচিত ও শ্রদ্ধেয় পেশাজীবী ছিলেন। তার প্রতিষ্ঠিত এইমস অব বাংলাদেশ লিমিটেড দেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) হিসেবে পরিচিত। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে প্রথম বেসরকারি খাতের মিউচ্যুয়াল ফান্ড চালু হয়। পরবর্তীতে তার নেতৃত্বে আরও পাঁচটি মিউচ্যুয়াল ফান্ড গঠিত হয়, যা স্বচ্ছতা, নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ এবং সফল ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে।

দেশে ও বিদেশে প্রায় চার দশকের কর্মজীবনে ইয়াওয়ার সাঈদ বাংলাদেশের পুঁজিবাজারের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন কমিটি ও কর্মপরিষদে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিনিয়োগবান্ধব নীতি ও বিধিবিধান প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

পুঁজিবাজারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অপারেশন ইভ্যালুয়েশন মিশনের স্টাফ কনসালট্যান্ট ও পারফরম্যান্স অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশে অর্থ, শিল্প ও বাণিজ্য খাতের জন্য এডিবির কনসালটেটিভ গ্রুপ কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেন। বিশ্বব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক উন্নয়ন সংস্থাকে দীর্ঘদিন ধরে তিনি পরামর্শ ও গবেষণা সেবা প্রদান করেছেন।

তাঁর মৃত্যুতে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাত একজন দূরদর্শী উদ্যোক্তা, প্রজ্ঞাবান নেতা এবং নিবেদিতপ্রাণ পেশাজীবীকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর সততা, পেশাদারিত্ব ও সুশাসনের প্রতি অঙ্গীকার দেশের আর্থিক খাতে স্থায়ী ছাপ রেখে গেছে এবং তার এই প্রয়াণ একটি অপূরণীয় ক্ষতি।

এইমস অব বাংলাদেশ লিমিটেড মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ বাংলাদেশে আনার পর নামাজে জানাজার তারিখ, সময় ও স্থান জানানো হবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...