নিজেদের সমতলের আদিবাসী দাবি করে আসন্ন বাজেটে তাদের জনগোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নামে একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় ‘সমতলের আদিবাসীদের’ জন্য উন্নয়ন বাজেট এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানানোর পাশাপাশি তাদের ভাষায় পার্বত্য চট্টগ্রামের ‘আদিবাসীদের’ বর্তমান ‘অপ্রতুল উন্নয়ন বরাদ্দ’ বাড়িয়ে যৌক্তিক করার দাবি জানায় সংগঠনটি। তাদের জন্য পৃথক দপ্তর স্থাপনের দাবিও জানানো হয়।
এ সময় সংগঠনটির সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো এবং উপদেষ্টা দিবালোক সিংহ তাদের ১১দফা দাবি তুলে ধরেন।
সংগঠনটি তাদের শিশুদের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে বিশেষ শিক্ষা সহায়তা বাজেট বরাদ্দ রাখারও দাবি জানায়। অন্য দাবিগুলো হলো- নারীদের জন্য ছাত্রাবাস তৈরি, শিশুদের মাতৃভাষায় শিক্ষা গতিশীলকরণ এবং প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত স্কুল, তরুণদের জীবিকায়ন ও কর্মসংস্থানে বিশেষ কর্মসূচি গ্রহণ ও দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের জন্য বিশেষ বাজেট বরাদ্দ। ১০০ দিনের কাজ, ভিজিএফ ও কাবিখা কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনশক্তি অন্তর্ভুক্তকরণসহ স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু, সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য (সমতল ও পার্বত্যাঞ্চল) তাদের জনগোষ্ঠীর সুনির্দিষ্ট, হালনাগাদ ও গোষ্ঠীভিত্তিক পরিসংখ্যান প্রস্তুতে বিশেষ জনশুমারি পরিচালনার জন্য বাজেট বরাদ্দ এবং পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনশক্তির জন্য ভিন্ন বরাদ্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

