রাজধানীর কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।
বৃহস্পতিবার কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সকল পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
জানা যায়, অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এসময় ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার ওসি উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

