ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আয়েজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্র জানায়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ তিনি পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের জন্ম ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে। তার পুরো নাম আবু আহসান মো. সামশুল আরেফিন সিদ্দিক। পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

