চানখারপুলে বাসের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

চানখারপুলে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর চানখারপুলে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামের এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটার নিহত হয়েছেন। তিনি রয়েল ল্যাবরেটরিজ কোম্পানিতে ডিস্ট্রিবিউটার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান, বিকেলের দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম জানা গেলেও এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি, তা জানার চেষ্টা চলছে। তবে ঘাতক মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন