গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বিজ্ঞাপন

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ কার্যক্রম।

এনবিআর সূত্র জানায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক-ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।

এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট। এগুলো হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।

কাস্টমস আইন-২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং আয়কর আইন-২০২৩-এর আওতায় নির্ধারিত ক্ষমতাবলে এ অভিযান চালানো হয়।

অভিযানে রেস্টুরেন্টটি থেকে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। তবে জব্দ করা পণ্যের চূড়ান্ত তালিকা, রাজস্ব ফাঁকির পরিমাণ এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায়নি এনবিআর।

সংস্থাটি জানিয়েছে, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন