পুলিশ সপ্তাহে সিআইডি প্রধান

ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখছে সিআইডি

ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখছে সিআইডি

জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)কে। ফ্যাসিস্টের বিদায়ের পর সংস্থাটির কাজে যেমন গতি এসেছে, তেমনি রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতাও। সম্ভাবনাও রয়েছে অনেক। বুধবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর প্রধান প্রধান গাজী জসীম, অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত) এসব বিষয়সহ সিআইডির সাফল্য, সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সিআইডি প্রধান জানান, সিআইডির ফরেনসিক শাখা দিনে দিনে পরিণত হচ্ছে অপরাধ বিশ্লেষণের নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে। এর প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক ফরেনসিক প্রতিবেদন আপাত ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রেখে চলেছে। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ, ডিএনএ ল্যাব, ডিজিটাল ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব-এই চারটি ল্যাব অপরাধ বিশ্লেষণে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। শত শত মামলার আলামত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও বিচার প্রক্রিয়ায় সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় ৭ খুন, ঝালকাঠিতে যুবক হত্যা, বাড্ডায় চুরি প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির বৈজ্ঞানিক বিশ্লেষণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

রাজধানীর বাড্ডা, যশোর, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বহু মামলা রুজু হয়েছে এবং এসব মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফে একটি মামলায় প্রায় ১০ কোটি টাকার সম্পদ (২৯৫ শতাংশ জমি, বাড়ি, ৫টি প্রাইভেট কার) জব্দ করা হয়।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে অনুসন্ধানের জন্য সিআইডি গঠন করেছে বিশেষ তদন্ত কমিটি। সাবেক মন্ত্রী ও সমাজে প্রভাবশালীদের সন্দেহজনক সম্পদের উৎস ও প্রকৃতি নিয়ে নিবিড় অনুসন্ধান চালানো হয়। এছাড়াও এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, নাবিল, ইউনিক, সিকদার গ্রুপসহ একাধিক বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালীন প্রায় ৫,৮০০ শতাংশ জমি ও হাজার কোটি টাকা মূল্যের সম্পদ শনাক্ত করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল ইউনিটের কার্যক্রম গতিশীল করার জন্য যাচাই বাছাই কমিটি বিভিন্ন উৎস যথা-বিএফআইইউ (বাংলাদেশ ব্যাংক), মেট্রোপলিটন ও জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ও অন্যান্য ইউনিটসমূহ, সিআইডি জেলা ইউনিটসমূহ, গণমাধ্যম (পত্রিকা, অনলাইন, পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি) থেকে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে মানিলন্ডারিং এর মাধ্যমে অর্থপাচার, ও অবৈধ সম্পদ অর্জন ইত্যাদির উপর অনুসন্ধান পরিচালনা করে। স্বর্ণ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দ্বারা কেনা জমি, বাড়ি, হোটেল ও গাড়ি চিহ্নিত করে আইন অনুযায়ী ক্রোক করা চলমান।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সদস্য গ্রেপ্তার, বাংলাদেশি হ্যাকার কর্তৃক নেপালি কিশোরীদের ব্ল‍্যাকমেইল, ইভেন্ট কোম্পানির ওয়েবসাইট হ্যাক ও গ্রাহকদের তথ্য ফাঁস, আতিফ আসলামের কনসার্ট টিকিট জালিয়াতি ও ডেটা চুরির মতো আলোচিত ঘটনার রহস্য উদঘাটন এর পাশাপাশি ফেসবুক ও ইউটিউব এর সাথে সমন্বয়ে বিভ্রান্তিকর পোস্ট বা প্রশ্নপত্র ফাঁসের গুজব দমনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। আসলামের কনসার্ট টিকিট জালিয়াতি ও ডেটা চুরির মতো আলোচিত ঘটনার রহস্য উদঘাটন এর পাশাপাশি ফেসবুক ও ইউটিউব এর সাথে সমন্বয়ে বিভ্রান্তিকর পোস্ট বা প্রশ্নপত্র ফাঁসের গুজব দমনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

অসাধারণ সাফল্য সত্ত্বেও লোকবল, ইকুইপমেন্ট এবং অর্থের সীমাবদ্ধতার পাশাপাশি, সিআইডিতে রয়েছে নানা কাঠামোগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ, যা তদন্তের গতি মন্থর করে বা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করাও কষ্টসাধ্য হয়। প্রথমত যানবাহনের সংকট। দেশের বিভিন্ন ইউনিটে যানবাহনের অপ্রতুলতা, কোনো কোনো জেলা ইউনিটে একটিও অপারেশনাল গাড়ি নেই। নিজস্ব স্থাপনায় অফিসের অভাব রয়েছে। সারাদেশে সিআইডির অধিকাংশ ইউনিটের অফিসই ভাড়া অফিস অথবা জেলা এসপি অফিসের উপরে পরিচালিত হয়। পাশাপাশি রয়েছে কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাব, এতে তাদের দক্ষতার ঘাটতি হচ্ছে। এছাড়াও অনিয়মিত বদলির আতঙ্ক নিবেদিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরণের হতাশা তৈরি করে। দক্ষ কর্মকর্তাদের পদায়নে সীমাবদ্ধতা, মাঠ পর্যায়ে ফরেনসিক ল্যাব না থাকায় অনেক সময় প্রয়োজনীয় আলামত বিশ্লেষণ বিলম্বিত হয়।

সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এ রয়েছে প্রাযুক্তিক সরঞ্জামের অভাব। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সাইবার টুলস ও সফটওয়্যার এর অভাব পরিলক্ষিত হয়। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য যুগোপযোগী প্রশিক্ষণেরও অভাব রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ইউনিট ফরেনসিক ল্যাবে রয়েছে সফটওয়‍্যারের জন্য উপযুক্ত বাজেটের স্বল্পতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন