আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আমার দেশ অনলাইন

মার্কিন ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য বি১-বি২ ভিজিটর ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, বি১-বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস জানায়, সম্প্রতি কিছু ভিসাধারী শিশু জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে পরিচিত এবং ভিসার নিয়মের সরাসরি লঙ্ঘন।

এছাড়া ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো বেতনভিত্তিক কাজ করতে পারবেন না। শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত আলোচনা বা সম্মেলনে অংশগ্রহণের অনুমতি রয়েছে। ভিজিটর ভিসা ব্যবহার করে ডিগ্রি অর্জন বা শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ক্রেডিটের জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চাইলে আলাদা স্টুডেন্ট ভিসা (এফ-১) গ্রহণ বাধ্যতামূলক।

মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ভিসা বাতিলসহ যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন