যারা দেশের সম্পদ লুট করে, তারা দেশের শত্রু, তারা কখনোই দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
ধর্ম উপদেষ্টা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের অনিয়ম-দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে বলেন, দেশের সম্পদ পাচার করার কারণে অর্থ সংকট দেখা দিয়েছিল, পরে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে গ্রাহকদের টাকা পরিশোধের ব্যবস্থা করে। পতিত সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করেছে। সরকার এসকল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, একসময় একটি পক্ষ দখলদারিত্ব করেছিল, বর্তমানে আরেকটি পক্ষ দখলদারিত্ব করছেন৷ তিনি এরূপ দখলদারিত্ব পরিহার করে দেশ ও জনগণের জন্য কাজ করার অনুরোধ জানান।
আমাদের সংশোধন হওয়া দরকার উল্লেখ করে ড. খালিদ বলেন, অন্যের সুখ কেড়ে নিয়ে কেউ সুখী হতে পারে না। তিনি অন্যের সম্পদ নষ্ট না করার জন্য মুসল্লীদেরকে অনুরোধ জানান। এছাড়া, তিনি বিদ্যুতের সাশ্রয় করা ও প্রয়োজন শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখার জন্য অনুরোধ করেন।
শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের ভূমিকা তুলে ধরে ড. খালিদ আরো বলেন, আমাদেরকে দেশের সম্পদ রক্ষা করতে হবে।সম্মিলিতভাবে কক্সবাজার তথা উখিয়ার সম্পদ রক্ষা করতে হবে। তিনি অন্যের হক নষ্ট না করার জন্যও মুসল্লীদেরকে আহ্বান জানান।
জুমার নামাজ শেষে ধর্ম উপদেষ্টা দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরীসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় বিশুদ্ধি দর্শন ভাবনা কুঠির মন্দিরে আয়োজিত অষ্ট পরিষ্কার সংঘদান একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে যোগদান করেন৷
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

