ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল স্থগিত ও বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমিনুল হক।
শুক্রবার তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি নির্বাচনের ফলাফল স্থগিত করে তদন্ত সাপেক্ষে পুনঃভোট গ্রহণের আহ্বান জানান।
আবেদনপত্রে আমিনুল হক অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তার অভিযোগ অনুযায়ী, ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সাথে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল রয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।
এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

