ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) বলেছেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম তলার সভাকক্ষে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্পের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম সচিব বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চাও সমানভাবে প্রয়োজন। নৈতিক শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু, কিশোর-কিশোরী এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং অংশীজনদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

