ফিলিস্তিনে ঢাকার হাফেজ্জী চ্যারিটেবলের বাজার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে ঢাকার হাফেজ্জী চ্যারিটেবলের বাজার সামগ্রী বিতরণ

ফিলিস্তিনের গাযায় ৮০০ জনের বাজার পাঠালো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বৃহস্পতিবার ফিলিস্তিনের গাযার মাওয়াসি আল কারারায় ৮০ টি তাবুতে ৮০০ জনের এক সপ্তাহের বাজার সামগ্রী বিতরণ করেছে ঢাকার সেবামূলক এই প্রতিষ্ঠানটি।

সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রতিটি তাবুতে আমরা চাল, তেল, মুরগি, মশলা ও কিছু স্থানীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। যা প্রতিটি পরিবার এক সপ্তাহ খেতে পারবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুদ্ধ চলাকালীন অবস্থায় গত দুই মাস ধরে গাযা, খান ইউনুস, দেইর আল বালাহ, আল কারারায় নিয়মিতভাবে পানি, রান্না করা খাবার, মুরগি, শীতবস্ত্র দিয়ে আসছে সংস্থাটি।

এর আগে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ছয় সদস্যের একটি টিম গত নভেম্বরে মিশরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যায় এবং মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আল্লু ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজকে সঙ্গে নিয়ে মিশরের শরণার্থীদের মাঝে চিকিৎসা, পোশাক ও বাজার সহায়তা প্রদান করে এবং রাষ্ট্রদূতদের সহায়তায় আল আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি নির্বাচন করেন। ফিলিস্তিনের সেবা সংস্থাগুলোর প্রধান মুহাম্মাদ কাতাদার নেতৃত্বের একদল ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী গাজা, খান ইউনুস, দেইর আল বালাহ সহ বিভিন্ন এলাকায় কাজ করছে।

সংস্থার আরেকটি প্রতিনিধিদল ৭ মার্চ মিশর এবং ফিলিস্তিনে সরাসরি সহায়তা নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে মিশরে ফিলিস্তিন অ্যাম্বেসি, বাংলাদেশ অ্যাম্বেসি এবং আল আযহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশংসাপত্র পেয়েছে সরকার নিবন্ধিত এ সংস্থাটি সহ সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন জানান, যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় লোকজন নিজের এলাকায় ফিরতে শুরু করেছে। বাস্তুহারা মানুষের জন্য এখন তাঁবু ও মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া আমাদের অন্যান্য সেবাও চলমান রয়েছে।

উল্লেখ্য, সংস্থাটি জুলাই-আগষ্ট আন্দোলনে শুরু থেকেই যাবতীয় ঝুঁকি ও হুমকি মোকাবেলা করে বাড্ডা, ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, এনাম মেডিকেল মোহাম্মাদপুর ও যাত্রাবাড়ী এলাকায় আহতদের চিকিৎসা সেবা ও সহায়তা দিয়েছিলো।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) একটি অরাজনৈতিক, অলাভজনক ও পুর্ণত মানবকল্যাণে নিবেদিত ‘হাফেজ্জী’ নামে একমাত্র সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার মোহাম্মাদপুরে প্রধান কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে এর কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন