দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালায় তিনি একথা জানান। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য যা দরকার প্রাণির ক্ষেত্রেও ঠিক সেইগুলো প্রয়োজন। আমাদের জনবল সংকট আছে সেগুলো পূরণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার।
তিনি বলেন, আজকে ১২টি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে। আমাদের লাইভস্টক সেক্টর বৃহৎ একটি সেক্টর। এখানে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ খাতটি সঠিকভাবে পরিচর্যা করতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী নিজ থেকে উদ্যোগ নিয়ে কাজ করছেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মনির্ভলশীল জাতি গঠনের উদ্যোগ নিয়েছিলেন।
কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদকে রপ্তানিমুখি করা হবে। আমাদের প্রকল্প বাড়াতে হবে। দেখা যায় একেকটি মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলমান। অথচ আমাদের সব প্রকল্প মিলেও ৫ হাজার কোটি টাকার হবে। গত একনেকে শুধু ওয়াসার একটি প্রকল্পই ১৬ হাজার কোটি টাকার বেশি ছিল।
শাহজামান খান বলেন, আমাদের ভিশনই হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। বর্তমান সরকারের বিশ্ববাজারে হালাল পণ্য রপ্তানি বাজার রয়েছে। আমরা বছরে ৭০-৮০ হাজার কোটি টাকা রপ্তানি করছি। আরো পরিকল্পিতভাবে কাজ করলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারবো।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

