দুই কমিশনারও নিয়োগ

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।

সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে- অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।

এতে আরো বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১০-এর বিধান অনুযায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে। একইভাবে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, নিয়োগের তারিখ থেকে তাদের দায়িত্ব কার্যকর হবে।

চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

বিচারপতি আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন।

আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম অর্জন করে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান। তিনি গত ফেব্রুয়ারিতে অবসরে যান।

কমিশনার ড. জাহাঙ্গীর ও মো. সাজ্জাদ হোসেন

দুদকের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. জাহাঙ্গীর আলম খান একজন কৃষি অর্থনীতিবিদ ও গবেষক। তিনি বর্তমানে ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য ছিলেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ড. জাহাঙ্গীর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক লাভ করেন।

অন্যদিকে, ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া একজন সাবেক কর কমিশনার ও বিসিএস আয়কর ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ও নিরীক্ষার মান তদারকির দায়িত্বে থাকা এ সংস্থার চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের মে মাসে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

178

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন