স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ তৈরি করছে পাঁচ সংস্কার কমিশন

স্টাফ রিপোর্টার

স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ তৈরি করছে পাঁচ সংস্কার কমিশন

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া সুপারিশ নিয়ে মতবিনিময় করছে পাঁচ সংস্কার কমিশন। সেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। কোনো সুপারিশ নিয়ে দ্বিমত বা সাংঘর্ষিক রয়েছে কিনা সেটাও দেখছে কমিশনগুলো।

শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে ইতিমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেই সব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কমিশন প্রধান জনাব সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

একটি কমিশন প্রধান বলেন, আমাদের সবার সুপারিশই গুরুত্বপূর্ণ। আমরা এখন সমন্বয় করার চেষ্টা করছি। শুধু একটা হাত দিয়েতো কিছুই হয় না, হাত, মুখ, চোখ, নাক, পাও লাগে। এগুলোর একটিও না থাকলে মানুষ খোঁড়া হয়ে যায়। তাই রাষ্ট্র সংস্কারের বিষয়েও সব সুপারিশের সমন্বয় প্রয়োজন। এখানে কোনটা সবচেয়ে গুরুত্ব তা নির্ধারণ করার চেষ্টা করছি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার আমার দেশ বলেন, আমরা বসে সমন্বয় করার চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান হয় এবং নির্বাচনের পথে আমরা হাঁটতে পারি।

গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে গঠিত সংবিধান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ হস্তান্তর করেন। এরপর সিদ্ধান্ত হয় সংস্কার কমিশনের সুপারিশগুলো সমন্বয় করতে তাদের কাজের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর। এরপর গত ২০ জানুয়ারি সুপারিশ পর্যালোচনা ও সমন্বয় করতে প্রথমবারের মত মতবিনিময় করেন কমিশনগুলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন