জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাত করেছেন।
এনসিপির একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম।
জানা গেছে, এ সময় তিনি তাদের কোন ধরনের ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একই সাথে সরকারকে আকুণ্ঠ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বত্ব করে বলেন, গণঅভ্যুত্থানের সব শক্তি আপনার সাথে রয়েছে। যেকোন পরিস্থিতিতে সরকারকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি তার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এবিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন আমার দেশকে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন-এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ সন্ধ্যা ৭ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা বলেন, তিনি কাজ করতে এসেছেন, কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তার উপরে পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

