প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় ৫জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।
সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে রবির কর্পোরেট অফিসে ৫জির সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ৪জি সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। ভালোমানের ৪জি দিতে না পারার কারণে ব্যবসায়িক ও ডিজিটাল সেবা বৃদ্ধিও ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ৫জি কার্যকরভাবে চালু করতে হলে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, ৮০০, ৯০০-সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে। ‘নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সি দূরত্বে সিগন্যাল বহন করতে সক্ষম। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে শহর বা গ্রাম কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার বসাতে হবে। তাই স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি।
বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, দেশে এখনো ৩৫ শতাংশ মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। তাই নতুন প্রজন্মের প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রামীণ জনগণ যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও নজর দেওয়া জরুরি। তিনি আরও বলেন, জি কোনো প্রযুক্তি নয়, এটি রিয়েল টাইম সল্যুশন। আমরা বিদ্যমান দুই লাখ কিলোমিটার ফাইবারকে পাঁচ লাখ কিলোমিটারে উন্নীত করতে কাজ করছি, যাতে দেশব্যাপী ৫জি বিস্তার সহজ হয়।
রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ বলেন, সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই দ্রুততম সময়ে ৫জি চালু করা সম্ভব হয়েছে। আপাতত গ্রাহকেরা ফোরজির সমপরিমাণ খরচে ৫জি ব্যবহার করতে পারবেন। আগামী বছর নাগাদ চাহিদার ভিত্তিতে ৫০০ সাইটে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা আছে। রবি জানিয়েছে, দেশে প্রথম বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের বা ফাইভজি সেবা চালু করেছে রবি। তবে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

