দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে পুলিশ দেশের জনগণের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে, আমরা সেটা চাই না। আমরা মানবিক পুলিশ বাহিনী চাই। এখন পুলিশ মানবিক আচরণ করছে বলে সবাই দুর্বল ভাবছে।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ায় জনগণের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশ আগের চেয়ে অনেক কঠোর। তবে আগে যেভাবে মানুষকে পিটুনি দিতো, এখন সেটা দিচ্ছে না। এটা পুলিশের দুর্বলতা নয়। আমরা একটি মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছি। পুলিশ সেভাবেই কাজ করছে। যেখানে কঠোর হওয়ার তারা সেখানে সেভাবেই আচরণ করবে।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে যখনই নির্বাচন হবে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত।
র্যাবের পোশাক পরে রাজধানীতে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও সচেতন আছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
সীমান্তে ভারত জোরপূর্বক বাংলাদেশে লোকজন ঠেলে পাঠাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারও আমাদের অফিসে এসেছিলেন। আমরা তাকে বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকেও থাকে, তাদের প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা নেবো। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া- এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

