মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে কর্মরত ৪৭টি বিয়াম প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার ওপরও বিশেষ জোর দেন তিনি।
শনিবার রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে সমতা আনতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ ও প্রবর্তিত অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তির ফলে আজ প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ সর্বস্তরে নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করছেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করছে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ, রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মো. আব্দুল বারী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমানো, সন্ধ্যার পর একা বাইরে না থাকা, মাদক থেকে দূরে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক হয়ে প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিগত সুবিধার সুফল কাজে লাগিয়ে আজকের মেধাবী তরুণরাই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। এজন্য কেবল জিপিএ-৫ এর পেছনে না ছুটে একাডেমিক সাফল্যের পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে মানবিক ও স্বেচ্ছাসেবী মানসিকতা অর্জন করতে হবে। একই সঙ্গে কিশোর অপরাধ ও মাদক থেকে দূরে থাকা এবং মা-বাবার ত্যাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।
বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


