আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণভোট কমে যাওয়ার কারণ জানালো ইসি

আমার দেশ অনলাইন

গণভোট কমে যাওয়ার কারণ জানালো ইসি

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় ভোটের সংখ্যাই কমেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনী তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংশোধিত তথ্য থেকে জানা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট কমেছে। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। তবে মজার বিষয় হলো, বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

আগের প্রকাশিত ফল সংশোধন কেন করতে হলো, আর ভোট সংখ্যা ১১ লাখের মতো কেন কমে গেলো- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, তখন করণিক ভুল ছিলো, ট্রান্সপজিশন এরর ছিলো। যার কারণে এ ভুল হয়েছে। করণিক ভুলতো হতেই পারে। যেহেতু হাতে করা হয়। যেগুলো এদিক-ওদিক হয়েছে সেগুলো কারেকশন করে পরে যেগুলো মাঠ থেকে দিয়েছে, সে অনুযায়ী এগুলো ঠিক করা হয়েছে।

তিনি আরো বলেন, মূল যে প্রতিপাদ্য... ‘হ্যাঁ’ এবং ‘না’; ‘হ্যাঁ’ এর সংখ্যা বেশি। সেটাতে কোনো বিচ্যুতি হয়নি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। ওইদিন ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে ভোট স্থগিত রেখেছে ইসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...