ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মতিঝিল গোয়েন্দা বিভাগের  উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন বিচারক।

এ মামলায় গত রোববার থেকে রিমান্ডে ছিলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ নিয়ে তৃতীয় দফায় তাকে রিমান্ডে নেয়া হলো।

এদিন রিমান্ডের যুক্তি তুলে ধরে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনি (নাছের) ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তাকে এ মামলায় তদন্তের স্বার্থে আরো তথ্য বের করার জন্য চারদিনের রিমান্ডের প্রার্থনা করছি।

এর বিরোধীতা করে আফজাল নাসেরের পক্ষের আইনজীবী হেলাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আমলে একটা পুরস্কার পাওয়া ছাড়া আর কোনো সুবিধা নেয়নি আফজাল নাসের। শুধু নাম ছাড়া এ মামলায় তার বিরুদ্ধে কিছু নেই। তিনি এ মামলায় ইতোমধ্যে তিনদিন রিমান্ডে ছিলেন। যদি আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর করে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায় এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...