বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

রাজধানীর বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দু’টি ব্লক এবং স্যানভ্যালির সংলগ্ন জায়গায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানো যাবে না এবার। স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) ও আইনজীবী মোহাম্মদ আলী খান।

বিজ্ঞাপন

রিটের আইনজীবী আনোয়ার হোসেন জানান, বাড্ডার ইস্টার্ন হাউজিং একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এই এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও আছে। পশুর হাটের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাই স্থানীয় একজন বাসিন্দা এ রিটটি করেছেন। তিনি বলেন, আদালতের আদেশের ফলে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের দু’টি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পশুর হাট বসানো যাবে না।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থ ব্লক-এম-৪, এম-৫,এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালি (আংশিক) এর খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল।  

এর আগে অপর এক আইনজীবীর রিটে গত রোববার দক্ষিণ সিটির আফতাবনগর অংশে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন