আমাদের বিভেদের সুযোগ হাসিনাকে নিতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা দেশে আসতে চায়। ডিসেম্বরে তার দেশে আসার খুব ইচ্ছে। গত কয়েক দিনের ঘটনা দেখে তিনি ভাবছেন হয়ত তার আসা আরো বেশি প্রয়োজন। শেখ হাসিনা আসার কোনো সুযোগ নেই। অন্তত আমার জীবদ্দশায় হাসিনার ফেরার সুযোগ দেখি না।
তিনি আরো বলেন, জুলাই বিভাজিত হতে পারে না। জুলাই বিভাজিত হলে সেই সুযোগ মাফিয়া হাসিনা নেবে। আর সেই সুযোগ পেলে তার পরিণতি কী হবে একবার চিন্তা করেন।
মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে কে কোন দলের তা বিবেচনা করা হচ্ছে না। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু দেখা হচ্ছে সে ফ্যাসিস্ট দলের লোক কি-না।
এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক খনন করার ঘোষণা দেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারকে অবহিত করার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

