ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে একটি নির্বাচিত সরকার যেন আরেকটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে, সেই পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর দেশের মানুষ নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকার গণতন্ত্রকে সুসংহত করার চেষ্টা করছে এবং সেই প্রচেষ্টাকে সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরে খালেদা জিয়ার নেতৃত্বে যেমন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়েছে, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামের ধারাবাহিকতা।
প্রদর্শিত আলোকচিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, এসব আলোকচিত্র দেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করছে। এসব ছবির সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া মানুষ প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিলেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
ডিএসসিসি প্রশাসক বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই রাজনৈতিক আচরণ, সমালোচনা ও মতপ্রকাশ—সবকিছুতেই গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। গণতন্ত্র টিকে থাকলে দেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থসম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


