ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারিত্বের মাধ্যমে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত ‘এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা’ শীর্ষক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে ‘ন্যায্যতার ভিত্তিতে আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জ আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।
এ সময় তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদিত হয়েছে। বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে তিস্তা মহাপরিকল্পনাও সহসাই অনুমোদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আনা মিঞ্জ। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


