আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে তৎপরতা চলছে

স্টাফ রিপোর্টার

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে তৎপরতা চলছে

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তাার হওয়া দুই আসামিকে দেশে ফেরাতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ লক্ষ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (ডিএমপি)'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন। আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে।”

এদিকে, একই দিনে হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালতে হাজির করা হয়।

জানা যায়, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। চার দিনের রিমান্ড শেষে রোববার তাদের বিধাননগর মহকুমা আদালত-এ তোলা হয়।

আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসামি ফয়সাল করিম মাসুদ দাবি করেন, হাদি হত্যাকাণ্ড একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে এবং এতে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ঈদ-পরবর্তী রাজধানীর নিরাপত্তা নিয়েও কথা বলেন। তিনি জানান, ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার রয়েছে।

তিনি আরও বলেন, দিনে ৮০টি ও রাতে ৪০টি টিম টহলে থাকে এবং জরুরি প্রয়োজনে অতিরিক্ত টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশ তাৎক্ষণিক সাড়া দেবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়া ঈদের পর বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী পরিবহনে নিরাপত্তা প্রয়োজন হলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানান ডিবি প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...