নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সচিব আখতার আহমেদ।
রোববার বিকালে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমজনতার দল আইনসম্মত পথে এগোলে ইসি বিষয়টি বিবেচনায় নেবে।
আপিল করার প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব বলেন, আপিল করতে হলে ইসি সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা (তারেক) চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন না মঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নে তারেক রহমানের মন্তব্য নিয়ে আখতার আহমেদ বলেন, আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই। তাই, আমি আপিলের কথাই বলেছি।
ইসির মতো কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।
ইসি সচিব জানান, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

