সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিনন্দন জানান।
সংগঠনটির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও সময়োপযোগী বেতনকাঠামো নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন ও অন্যান্য দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নেতারা বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ফলে তাদের কর্মোদ্যম ও কর্মস্পৃহা বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল সুবিধা ২০১৫ সালের বেতনকাঠামোয় বাতিল করা হয়েছিল। জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এ দুটি সুবিধা পুনর্বহালের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন, মহাসমাবেশ, সংবাদ সম্মেলন এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে দাবি তুলে এসেছে। তাঁদের মতে, দীর্ঘদিনের সেই প্রচেষ্টার ফল হিসেবেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছে।
নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী বেতনকাঠামো তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিব আবুল হাসনাত সোহেল, আশিকুল হক শহিদ, ওবায়দুল ইসলাম রবি, সিনিয়র সহসভাপতি কাজী জহির, হান্নান, কার্যকরী সভাপতি মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

